চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন আর নেই। আজ বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর খালাতো বোন ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল এবং আজ দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান। শিল্পী ডালিয়া নওশীনের জানাজা আজ বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে তাঁর দুই সন্তান রয়েছে; যাঁদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।
ডালিয়া নওশীন দেশের কিংবদন্তি স্থপতি মাজহারুল ইসলামের কন্যা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। দেশ বরেণ্য এই শিল্পীর প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Comments