ফারহান এর মা যা জানালেন ছেলের বিচ্ছেদ নিয়ে
হানি ইরানি তাঁর ছেলে ফারহান আখতারের প্রথম স্ত্রী অধুনা ভাবানির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জানিয়েছেন, ঘটনাটি তাঁর কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আবেগঘন। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৭ সালে ফারহান–অধুনার ডিভোর্সের সিদ্ধান্ত তাঁর জন্য ছিল "একটা বড় ধাক্কা"।
হানি ইরানি জানান, বিষয়টি প্রথম শোনার সময় তিনি কুনুরে ছিলেন। ফারহান তাঁকে সিদ্ধান্তের কথা জানালেও সরাসরি আলোচনার সুযোগ তখন হয়নি। পরে মুম্বইয়ে ফিরে এসে তিনি দুই পক্ষের সঙ্গেই বসে কথা বলেন। তাঁর কথায়, এই বিচ্ছেদ শুধু ফারহান বা অধুনার জন্য নয়, পুরো পরিবারের জন্যই ছিল কষ্টের সময়। তবে সম্পর্কের মধ্যে হতাশা, আঘাত বা ক্ষোভ নিয়ে টিকে থাকার চেয়ে সম্মানজনকভাবে আলাদা হয়ে যাওয়া ভালো এমন মতও দেন তিনি।
উল্লেখ্য, ফারহান আখতার ও সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট অধুনা ভাবানি ১৬ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৭ সালে আলাদা হন। তাঁদের দুই মেয়ে—শাক্য ও আকিরা। পরবর্তীতে ফারহান ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি ঘনিষ্ঠ অনুষ্ঠানে শিবানি দান্ডেকারকে বিয়ে করেন। ফারহান ও শিবানির পরিচয় ২০১৫ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানের সেটে, আর ২০১৮ সাল থেকে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে।শিবানিকে নিয়ে হানি ইরানি ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, শিবানি খুবই ভালো ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের মানুষ। সম্পর্কের কথা ফারহান আগে থেকে না জানালেও, তাঁদের ঘনিষ্ঠতা একসময় সামনে আসবেই—এমনটাই মনে করেন তিনি।সন্তানদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করেন হানি ইরানি। তাঁর মতে, সন্তানের সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজ কী বলবে বা ভাববে, তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যা কাউকে আঘাত না দিয়ে ব্যক্তিগত সুখ নিশ্চিত করে।
এদিকে, ফারহান আখতার বর্তমানে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'জি লে জারা' নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও কারিনা কাপুর অভিনীত এই প্রকল্পটি অভিনেত্রীদের ব্যস্ত সময়সূচির কারণে কিছুটা বিলম্বের মুখে পড়েছে।
Comments