'প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করছে'
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। তাদেরকে দেশের সম্পদে পরিণত করার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যাতায়েত, খেলাধুলা, চাকরির ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। ইতিমধ্যে 'ওয়ান-স্টপ -সার্ভিস' চালু করা হয়েছে।দেশে প্রায় ২ হাজার ৭০০টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। এই স্কুলের সংখ্যা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে।
তিনি আরো বলেন,আমি কোটালীপাড়ায় কমপক্ষে দুটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার জন্য নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি।আশা করছি আমরা এ উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে পারবো।
এস এম জিলানী বলেন, কোটালীপাড়া উপজেলায় প্রতিবন্ধী ভাতা ভোগীর যে সংখ্যা রয়েছে আমি এই সংখ্যা বৃদ্ধি করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করছি।আশা করছি বাস্তবায়িত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, দর্শন, আদর্শ চর্চা বৃদ্ধির লক্ষ আমাদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, নজরুলের গান,কবিতা,আদর্শ, দর্শন চর্চা করলে আমাদের যুব সমাজ বিপদগামী হবে না।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান শেষে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments