কাশিয়ানীতে আধিপত্য নিয়ে দুই বংশের সংঘর্ষে আহত ২০
গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাওলা ও গোরা দুই বংশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার খলিশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, এলাকার আধিপত্য নিয়ে মাওলা ও গোরা দুই বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে দুই বংশের ছোটদের সাথে কথাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
গোরা গ্রুপের প্রধান গোরা খাঁ'র সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, নানা কারনে মওলা গ্রুপের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। এ জেরে সংঘর্ষ বাধে। এতে তাদের গ্রুপের ১৩ জন আহত হয়েছে।
অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছে। তবে ওই গ্রুপের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments