মধুখালীতে ছয় টুকরায় খণ্ডিত মরদেহ উদ্ধার
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে তিনটি পৃথক কার্টনে রাখা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তার দেহ ছয়টি বিচ্ছিন্ন টুকরো করে কার্টনে ভরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে কার্টনগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়া এলাকায় সড়কের পাশে তিনটি সন্দেহজনক কার্টন পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কার্টনগুলোর মুখ খোলা হলে ভেতর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির দেহের বিচ্ছিন্ন ছয়টি অংশ পাওয়া যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলেই মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Comments