বিমান বন্দরেগাড়িচালকের ছদ্মবেশে প্রবাসীদের টার্গেট, গ্রেপ্তার ১
গাড়িচালকের ছদ্মবেশে বিমানবন্দরে অবস্থান করতেন তারা। এরপর সুযোগ বুঝে প্রবাসীদের গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হতো। পরে তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে।
এই চক্রের অন্যতম সদস্য আলামিন শেখকে (৩১) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
গ্রেপ্তার আলামিন শেখ মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের মো. কালাম শেখের ছেলে।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় আলামিনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মোবাইল ফোন, বিদেশি ও বাংলাদেশি মুদ্রা এবং অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—একটি ছোরা, দুটি সুইচগিয়ার চাকু, বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, ৭৭টি বিদেশি নোট এবং বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা।
পুলিশ সুপার আরও জানান, আলামিনের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জিজ্ঞাসাবাদে আলামিনের কাছ থেকে প্রবাসীদের টার্গেট করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার। এসব তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ বলছে, বিমানবন্দরকেন্দ্রিক এই চক্রের কার্যক্রম এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
Comments