কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা
ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন ছাড়াই ক্ষতিকর ও নিম্নমানের সার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কারখানার মালিক মো. জামালকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গদারবাগ এলাকায় অনুমোদন ও প্রয়োজনীয় নিয়মনীতি ছাড়াই টিএসপি, ডিএপি সহ বিভিন্ন ধরনের সার উৎপাদন করে বাজারজাত করছিল একটি প্রতিষ্ঠান। এসব সার দেশের বিভিন্ন এলাকায় কৃষি ও মৎস্য খাতে ব্যবহারের জন্য সরবরাহ করা হতো।
অভিযানকালে কারখানার মালিক মো. জামালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে অবৈধভাবে সার উৎপাদন ও বাজারজাতের বিষয়টি উঠে আসে। তিনি অনুমোদন ছাড়াই বিভিন্ন সার উৎপাদন ও বাজারজাত করার কথা স্বীকার করেন বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।
অভিযান সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বাজারে একটি বস্তা সার প্রায় ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হলেও ওই কারখানা থেকে তা প্রায় ৪৫০ টাকায় বাজারজাত করা হতো। এতে কৃষক ও মৎস্যজীবীরা প্রতারিত হওয়ার পাশাপাশি নিম্নমানের বা ক্ষতিকর সার ব্যবহারের ঝুঁকিতে পড়ছিলেন।
পরে উপজেলা কৃষি কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা সার (ব্যবস্থাপনা) সংশোধন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. জামালকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।
একই সঙ্গে অবৈধ সার কারখানা ও সেখানে থাকা মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, র্যাব-১০ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।
Comments