গোপালগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে রেলিং-এর সাথে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অপর এক আরোহী মাদ্রাসা ছাত্র।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধুর সমাধি সৌধে কমপ্লেক্সের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- কুমিল্লার হোমনা এলাকার আল আমিনের ছেলে ও ১০ শ্রেনীর ছাত্র আল রাফি (৪) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের কালা মৃধার ছেলে ও টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া মাদরাসায় মিঝান জামাতের শিক্ষার্থী ইয়াছিন মৃধা (১৩)।
(ওসি) মোঃ আইয়ুব আলী জানান, মোটর সাইকেলে করে আল রাফিসহ তিনজন উপজেলা পরিষদ এলাকা থেকে গিমাডাঙ্গা যাচ্ছিল। এসময় মোটর সাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে রেলিং-এর সাথে ধাক্কা লাগে। এতে তিনজন মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত ইয়াসিনসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে ইয়াসিন মারা যান।
Comments