টুঙ্গিপাড়ায় ২ লক্ষ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২ লাখ টাকার ৪৯টি বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার উপজেলার পাটগাতি ইউনিয়নের বাঘিয়ার বিলে এ অভিযান চালানো হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, বাঘিয়ার বিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘিয়ার বিলে অভিযান চালানো হয়।
এসময় ওই বিল থেকে ৪৯টি চায়না দুয়ারী জাল (প্রায় ১ হাজার ২৫০ মিটার) জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। অভিযান শেষে জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরো জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। জলাশয়ে অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য আইন মেনে চলতে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা হচ্ছে।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবাশীষ বাছাড় এবং সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের পোনা ও ছোট মাছ ধরে ফেলায় ধীরে ধীরে বিলের দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছে। তাই দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
Comments