সারাদেশে নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সারাদেশে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানের নেতৃত্বে মিছিলটি স্টেশন রোড, নিউমার্কেট চত্বর হয়ে তিন পোলের মাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংসতার প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন রাশেদ, সাবেক সহসভাপতি হারুন রশীদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমগীর, সাবেক সহসাধারণ সম্পাদক নুহ গাজী সেলিম, চকবাজার থানার সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক রিদু, সাবেক প্রচার সম্পাদক জহির আহমেদ, কোতোয়ালি থানার আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক এবং চকবাজার থানার সাবেক সদস্য সচিব মোহাম্মদ শহীদ প্রমুখ।
বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই মাস মুক্তিকামী মানুষের বিজয় ও স্বাধীনতার গৌরবের প্রতীক। পলাতক ফ্যাসিস্টদের জন্য ডিসেম্বর বিজয়ের মাস হতে পারে না। দেশের গণতন্ত্র সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
তারা আরও বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরেছে। বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। দলের নেতা তারেক রহমানও ১৭ বছর নির্বাসিত থেকেও নিজের অবস্থানে অটল ছিলেন। আমরা সেই নেতার কর্মী। তাই ঐক্যবদ্ধ থেকে গুপ্ত রাজনৈতিক শক্তির অপতৎপরতা প্রতিহত করতে হবে।
বক্তারা বলেন, দেশের যেকোনো স্থানে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সোচ্চার থাকবেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আহমেদ, মোহাম্মদ ফারুক, রুম্মান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আজাদ, আনিসুল ইসলাম রুবেল, আলী আক্কাস, বেলাল, মোহাম্মদ সানি, মান্টু, রনি, পারভেজ, মরম আলী, নাসির, হারুন, শফিক, খলিল, মোহাম্মদ সেলিম, মো. রাজু, মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Comments