চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন 'শপিং ব্যাগ'সহ ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা!
চট্টগ্রামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিশেষ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদহীন উপাদান ব্যবহার এবং নানা অনিয়মের দায়ে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের নিরাপদ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এই সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক।
নগরীর নাসিরাবাদ এলাকায় অবস্থিত ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ অভিযান চালিয়ে নানা অনিয়ম দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিতে খাদ্য উৎপাদনে লেভেল ও মেয়াদহীন বাটার ব্যবহার, ডালডার ভেতরে পলিথিন ও ময়লা, ভাঙা ও পিচ্ছিল ফ্লোর, টোস্ট পাউডারে মাছি বসা এবং স্টোরেজ ফ্রিজের তলায় পানি জমে থাকতে দেখা যায়। এছাড়া চানাচুর ও মটরভাজা উৎপাদনে পোড়া তেল ব্যবহার, কেক-রুটি তৈরির ডাইস ও খামিতে ময়লা, টোস্ট সংরক্ষণের স্থানে তেলাপোকার বিচরণ এবং মান নিয়ন্ত্রণ ব্যতিত খাদ্যপণ্য বাজারজাতকরণের প্রমাণ মেলে।
এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার (দণ্ড তফসিল) ২৬ ও ৩৩ ধারা অনুযায়ী ফুলকলি ইন্ডাস্ট্রিজকে ৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের সুপারিশ করা হয়।
এর পর অভিযানের অংশ হিসেবে 'শপিং ব্যাগ সুপারশপ' এ গিয়েও দেখা যায় চরম অস্বাস্থ্যকর চিত্র। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা, আমদানিকৃত খাদ্যে যথাযথ লেভেলিং না থাকা, বাচ্চাদের খেলনা বিক্রয়স্থলের পাশে মেজবানী মাংসের গরম পাতিল সংরক্ষণ, খাদ্যপণ্যের সাথে ইঁদুর মারার বিষ ছিটিয়ে রাখা, পচা মরিচ সংরক্ষণ এবং খোসপাঁচড়ায় আক্রান্ত কর্মী দিয়ে মসলা প্রস্তুত করতে দেখা যায়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার ৩৩ ধারা অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সুপারিশ করা হয়। পাশাপাশি ১৫ নভেম্বর রোববারের মধ্যে বাচ্চাদের খেলনা বিক্রয়স্থল এবং মেজবানী মাংসের পাতিল আলাদা স্থানে সরিয়ে তা আদালতে প্রমাণ হিসেবে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, 'কাহওয়া ক্যাফে'তে অভিযানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। কেকের ওপর মুরগির নখ পড়ে থাকা, ময়লাযুক্ত মেয়াদহীন খামি সংরক্ষণ, খোলা অবস্থায় ময়লা ডাস্টবিন রাখা, বাকলাবাশির মেয়াদহীন পাতি সংরক্ষণ, পচা বিটরুট সংরক্ষণ এবং কারচুপির মাধ্যমে ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে 'ম্যাঙ্গো ড্রিংকস' বলে বিক্রি করার সত্যতা মেলে।
বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারা অনুযায়ী এই ক্যাফেটিকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
Comments