চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েল ও তাঁর সহযোগী আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। এ ছাড়া চুরির অভিযোগে মোহাম্মদ হাসানকে পিটিয়ে হত্যা মামলার আসামি আলম পাইককেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে নগরের বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় আবু ইউসুফ প্রকাশ জীবনকে লাঠি ও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আসামিরা।
এতে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত ২৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
তিনি আরও বলেন, মামলার আসামি আরমানকে ১ নভেম্বর রাতে কুমিল্লার কোতোয়ালী থানার ঠাকুরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দিবাগত রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে প্রধান আসামি জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, চুরির অভিযোগে মোহাম্মদ হাসানকে পিটিয়ে হত্যার মামলার আসামি আলম পাইককে সোমবার দুপুরে নগরের চান্দগাঁও থানার আরাকান সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments