অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি; স্যাম’স রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ী বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি যৌথ টিম এই নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং সহকারী পরিচালক রানা দেবনাথ। এ সময় ক্যামেরাম্যান হিসেবে উপস্থিত ছিলেন মো. আফতাবুজ্জামান।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমে স্যাম'স রেস্টুরেন্টে হাতেনাতে ধরা পড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে বড় অঙ্কের জরিমানা গুণতে হয়েছে 'স্যাম'স রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত বিভিন্ন উপকরণ ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। এমনকি রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সাথে একই ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা এবং খাদ্য প্রস্তুতের জন্য মেয়াদোত্তীর্ণ পাউরুটি জমিয়ে রাখার অপরাধে অভিযুক্ত 'স্যাম'স রেস্টুরেন্টটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কাজির দেউড়ি বাজারে অভিযান কালে হাতেনাতে ধরা পড়ে দেশি মাগুর মাছের সাথে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি এবং চাষের শিং মাছকে দেশি মাছ বলে চালিয়ে দেওয়ার অপরাধে 'খালেকের মাছের দোকান' ও 'আনোয়ার ফিস'কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার প্রস্তুত করা এবং কয়েকদিনের পোড়া তেল ব্যবহার করে খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে এই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত না করার বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Comments