কবর থেকে উত্তোলন করা হবে সেলিম খান ও ছেলে শান্ত খানের লাশ
চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খান এবং তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়েছিল। এবার মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট আইনগত বিষয় অনুসন্ধানে তাদের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
ওসি জানান, কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর মরদেহ উত্তোলনের তারিখ জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বেরিয়ে গেলেও পরে বাগড়া বাজার এলাকায় তারা আবারও জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে দুজন নিহত হন। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। তৎকালীন পরিস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগের কথা জানা যায়। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওসি ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ এবং আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবেই এ কার্যক্রম নেওয়া হচ্ছে।
Comments