চট্টগ্রাম বন্দরে জাহাজে দুর্ঘটনা দুই নাবিকের আঙুল ও কব্জি থেঁতলে গেছে
চট্টগ্রাম বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী 'এমভি ব্রেভ রয়েল' জাহাজে দুর্ঘটনায় দুই নাবিক মারাত্মক আহত হয়েছেন।
রোববার দুপুরে জাহাজটির ইঞ্জিনকক্ষে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক নাবিকের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপর নাবিকের কব্জি থেকে আঙুল পর্যন্ত থেঁতলে গেছে।
আহত নাবিকেরা হলেন জাহাজটির তৃতীয় প্রকৌশলী জিয়াউর রহমান ফাহাদ এবং ইঞ্জিন ক্যাডেট শাহরুখ সালমান।
স্বজনেরা জানান, চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানকালে রোববার দুপুরে জাহাজের ইঞ্জিনকক্ষে নিয়মিত কাজ করছিলেন ফাহাদ ও সালমান। এ সময় হঠাৎ করেই প্রায় এক টন ওজনের একটি ভারী পিস্টন অসাবধানতাবশত তাদের ওপর খুলে পড়ে। মুহূর্তের মধ্যেই ভারী এই যন্ত্রাংশের নিচে দুই নাবিকের হাত চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ইঞ্জিন ক্যাডেট শাহরুখ সালমানের একটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে তীব্র চাপে তৃতীয় প্রকৌশলী জিয়াউর রহমান ফাহাদের কব্জি থেকে আঙুল পর্যন্ত হাড়-মাংস থেঁতলে গিয়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরপরই সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেন।
জানা গেছে, বাংলাদেশি পতাকাবাহী 'এমভি ব্রেভ রয়েল' জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান 'বিএসএ শিপিং লিমিটেড'। তবে এটি বাণিজ্যিকভাবে পরিচালনা করছে 'ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেড'।
Comments