'পার্কিং নেই, নকশাও গায়েব' সিডিএ'র অভিজানে ৬ প্রতিষ্ঠানকে আলটিমেটাম
নগরীর যানজট নিরসন ও ভবনের অনুমোদিত ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ও পরিদর্শন অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার চউক চেয়ারম্যানের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় পার্কিং না থাকা, অনুমোদিত নকশা দেখাতে না পারা এবং আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মতো নানা অনিয়মের প্রমাণ মিলেছে।
পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো, একুশে হাসপাতাল, বাস্কেট সুপার মার্কেট, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সার্জিস্কোপ হাসপাতাল, মেডিকেয়ার হাসপাতাল ও পিস পার্ক হাসপাতাল।
অভিযান সূত্রে জানা যায়, নগরীর একুশে হাসপাতালে আবাসিক ভবনে হাসপাতাল কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে আসে। প্রতিষ্ঠানটিকে আগে নকশা উপস্থাপনের জন্য বলা হলেও পরিদর্শনের সময় তা দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি সেখানে কোনো নির্ধারিত পার্কিংও পাওয়া যায়নি।
অন্যদিকে বাস্কেট সুপার মার্কেটের বেসমেন্টে পার্কিং থাকলেও গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের নির্ধারিত জায়গায় গড়ে তোলা হয়েছে সুপার মার্কেটটির আউটলেট। আবাসিক ভবন ভাড়া নিয়ে পরিচালিত প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষও চউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়। এ ছাড়া পাঁচলাইশ আবাসিক এলাকার সার্জিস্কোপ, পিস পার্ক ও মেডিকেয়ার হাসপাতালেও কোনো পার্কিং ব্যবস্থা পায়নি পরিদর্শক দল।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত নকশাসহ চউক কার্যালয়ে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্কিংয়ের ঘাটতি নিরসনে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
অভিযান শেষে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরীকে যানজটমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। হাসপাতাল সেবামূলক প্রতিষ্ঠান হলেও অনিয়ম করার সুযোগ নেই। আমাদের মূল অগ্রাধিকার পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অগ্রগতি না হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Comments