অনুমোদনহীন ব্যানার-পোস্টার না সাঁটানোর মুচলেকা দিল দুই কোচিং সেন্টার
বন্দরনগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। যত্রতত্র অনুমোদনহীন ব্যানার-পোস্টার সাঁটানোর দায়ে দুটি কোচিং সেন্টারকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেওয়া হয়েছে।
রোববার চসিকের অঞ্চল-৩ এর আওতাধীন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।
অভিযান সূত্রে জানা যায়, নগরীর সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে ব্যানার ও পোস্টার সাঁটানোর দায়ে 'এসপায়ারিং বাংলাদেশ' ও 'মুন্না স্যার' নামের দুটি কোচিং সেন্টারকে আর্থিক জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি চসিকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান দুটির টানানো সব অবৈধ ব্যানার-পোস্টার তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পরে প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে আর কখনো অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করবে না মর্মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত মুচলেকা দেয়।
অভিযান পরিচালনাকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুবাইদা আক্তার জানান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী (ক্লিন, গ্রিন ও হেলদি সিটি) হিসেবে গড়ে তুলতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া যত্রতত্র পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করা সম্পূর্ণ আইনি অপরাধ। যারা এই আইন অমান্য করে নগরীর সৌন্দর্যহানি ঘটাবে, তাদের বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Comments