ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবুল খায়ের স্টিল মিলসের (একেএস) একটি চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে লরির ইঞ্জিনের সামনের অংশ পুরোপুরি পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ওভারব্রিজ সংলগ্ন ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনার পরপরই মহাসড়কে সাময়িক তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আবুল খায়ের স্টিল মিলসের স্ক্র্যাপবোঝাই লরিটি চট্টগ্রাম বন্দর থেকে মালামাল নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালুশাহ নগর ওভারব্রিজ এলাকা অতিক্রম করার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং লরির পাওয়ারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ইঞ্জিনের অংশটি ভস্মীভূত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আবুল খায়ের স্টিল মিলসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইমরুল কাদের ভূঁইয়া বলেন, "কী কারণে আগুন লেগেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগুনে আমাদের আনুমানিক ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।"
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত লরির ইঞ্জিনে আগুন লেগেছিল। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
Comments