বহির্নোঙরে চোরাই পণ্যসহ আটক ১৬
বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা বিশেষ অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজের চোরাই পণ্যসহ ১৬ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকার ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, ১টি ওয়্যার সিলিং ও ২টি গ্যাস সিলিন্ডারসহ ১৬ চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দ করা পণ্য, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক চোরাকারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Comments