ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাঁশখালী: বানভাসি মানুষের দোরগোড়ায় এনসিপি
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাঁশখালীর পানিবন্দি ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় কোমর সমান পানি পেরিয়ে প্রায় ২ হাজারের অধিক বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও শুকনো খাবার পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতারা।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট। এমন মানবিক বিপর্যয়ের মুহূর্তে এনসিপি চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ দুর্গতদের দুর্দশা লাঘবে সরাসরি মাঠে নেমেছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন,আসিফ চৌধুরী, আজগর আলী আশিক, আযাদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ এমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে বানভাসি মানুষের দুর্দশা দেখে উদ্বেগ প্রকাশ করে এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, "বাঁশখালীর এই প্লাবিত জনপদে সরেজমিনে না আসলে বোঝার উপায় নেই, আমাদের ভাই-বোনেরা কতটা মানবেতর ও বিভীষিকাময় পরিস্থিতি পার করছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সর্বদা গণমানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি করে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে অসহায় অবস্থায় রেখে আমরা নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না। সামর্থ্যের সবটুকু উজাড় করে আমরা আর্তমানবতার সেবায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমি দলমত নির্বিশেষে সকল বিত্তবান, সমাজসেবক ও রাজনৈতিক সংগঠনগুলোকে আহ্বান জানাই। আপনারা দ্রুত এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই বৃহৎ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এনসিপি মানুষের পাশে থাকবে।"
বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে এই ধারাবাহিক ত্রাণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
Comments