চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী জানে আলম সেলিম
চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম। ১ জুন, সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম নতুন এমডির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের ৩য় তলার বোর্ড রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওয়াসার সচিব শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় বিদায়ী এমডি মনোয়ারা বেগমকে বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় চট্টগ্রাম ওয়াসার বর্তমান ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালকদ্বয় ছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, প্রকৌশল ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন এমডি প্রকৌশলী জানে আলম সেলিম বলেন, 'সবার আগে বাংলাদেশ' এই চেতনায় উদ্বুদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সেবাধর্মী প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা আজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলাম।
তিনি দেশের বাণিজ্যিক রাজধানীর বিপুল জনগোষ্ঠীকে যথাযথ সেবা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য এলজিআরডি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রকৌশলী জানে আলম সেলিম আরও বলেন, "এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ আমার কাছে আনন্দ আর গৌরববোধের চেয়ে এই সরকারের জনকল্যাণমুখী লক্ষ্য অর্জন ও গ্রাহকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার একটি বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অনিয়ম-বিশৃঙ্খলা দূর করে সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।"
Comments