সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বন্দরের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ
পটুয়াখালীর দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) ও অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখন শঙ্কামুক্ত।
শুক্রবার (৩০ মে) দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ব্রিজের ঢাল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের ঢালে আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তার বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয় এবং স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন শামীমুজ্জামান ফিরোজ। ছুটির দিনে তিনি নিজ ইউনিয়ন পাংগাশিয়ার ব্রিজ এলাকায় ব্যক্তিগত কাজে যান। একপর্যায়ে তিনি ব্রিজের ঢালে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলছিলেন।
এমন সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি আরোহীসহ মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অটোরিকশাটি উল্টে তার ওপর পড়লে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও প্রশাসনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শামীমুজ্জামান ফিরোজের দ্রুত সুস্থতা কামনা করেছেন চট্টগ্রাম বন্দর পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা। বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
Comments