হারানো মোবাইল ফিরে পেলেন চবি ছাত্রী, রেল কর্মকর্তাদের মানবিক উদ্যোগ
চট্টগ্রামে রেলওয়ের দুই স্টেশন মাস্টারের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্বর্ণা আক্তার সোমবার ভুলবশত ভার্সিটি শাটল ট্রেন নম্বর ২৪৩–এ নিজের মোবাইল ফোন ফেলে নেমে যান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ষোলশহর রেলওয়ে স্টেশনে যোগাযোগ করেন।
এ সময় ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার মাঈন উদ্দিন মামুন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ক্যান্টনমেন্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার কাজী ওয়াহিদা রহমান ট্রেন থেকে মোবাইল ফোনটি সংগ্রহ করেন।
পরবর্তীতে ট্রেন নম্বর ২৪৪ ভার্সিটি শাটলের মাধ্যমে লোকোমাস্টারের সহায়তায় মোবাইল ফোনটি ষোলশহর স্টেশনে পাঠানো হয়। সেখানে স্টেশন মাস্টার মাঈন উদ্দিন মামুন যাত্রী স্বর্ণা আক্তারের কাছে মোবাইল ফোনটি বুঝিয়ে দেন।এ বিষয়ে তিনি বলেন, যাত্রীদের সেবা আমাদের দায়িত্ব। কারো হেল্প করতে ভাল লাগে।মানুষের দোয়াই কাম্য।
রেলওয়ের সংশ্লিষ্টদের এমন দায়িত্বশীলতা ও দ্রুত পদক্ষেপে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, অনেক সময় এমন ভালো কাজগুলো আড়ালেই থেকে যায়। তবে রেল কর্মকর্তাদের এই মানবিক উদ্যোগ যাত্রীসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
Comments