ঘরের মাঠে সাফ শিরোপার হাতছানি, পারবে কি বাংলাদেশ?
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা। আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে দুর্দান্ত শুরু, গ্রুপ পর্বে টানা দুই জয়। এবার সামনে সেমিফাইনালের লড়াই। পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালের টিকিট।
ঘরের মাঠের দর্শক সমর্থন আর দলের সাম্প্রতিক পারফরম্যান্স। সব মিলিয়ে শিরোপার স্বপ্ন দেখতেই পারে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবে কি বাংলাদেশ? প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়। দুই ম্যাচে পাঁচ গোল, বিপরীতে কোনো গোল হজম করতে হয়নি দলকে।
দলের আক্রমণভাগে যেমন রয়েছে গতি, তেমনি মাঝমাঠেও দেখা গেছে নিয়ন্ত্রণ ও সমন্বয়। হামজা চৌধুরী, শমিত সোমসহ প্রবাসী ফুটবলারদের উপস্থিতি দলকে দিয়েছে বাড়তি শক্তি। তবে সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। ১৪ নভেম্বরের এই ম্যাচ জিতলেই ১৭ নভেম্বরের ফাইনাল খেলার সুযোগ।
বাংলাদেশ সর্বশেষ সাফ শিরোপা জিতেছিল ২০০৩ সালে, সেটিও ঘরের মাঠে। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এবারও নিজেদের মাঠে খেলার সুযোগ, সমর্থকদের উচ্ছ্বাস আর দলের আত্মবিশ্বাস-সবই অনুকূলে। তবে শিরোপা জিততে হলে সেমিফাইনাল ও ফাইনালে ধরে রাখতে হবে ধারাবাহিকতা, ঠান্ডা মাথায় খেলতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে।
Comments