আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের জার্সিতে একের পর এক ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার জাতীয় দলের হয়ে তার বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে গোলডটকম জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড।
প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিই হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রোনালদোর সম্ভাব্য বিদায়ের সময়েই নতুন অধ্যায়ে প্রবেশ করছে পর্তুগাল দল। সম্প্রতি চার বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন হোর্হে জেসুস। দায়িত্ব নেওয়ার পর দলকে ঢেলে সাজানোর বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ দায়িত্ব নিলেই দলে বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। দলের ভারসাম্য নষ্ট হয়, এমন কোনো সিদ্ধান্তও নিতে চান না তিনি।
জাতীয় দলকে বিদায় জানালে রেকর্ডের এক বিশাল ভান্ডার রেখে যাবেন রোনালদো। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে।
দলীয় সাফল্যেও রোনালদোর অবদান স্মরণীয়। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও ঘরে তোলে দলটি।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোল করা এই তারকার সামনে এখন বড় লক্ষ্য এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালে ক্লাব ক্যারিয়ারেই বেশি মনোযোগ দিতে পারেন তিনি।
Comments