আজ শুরু বাংলাদেশ ফুটবল লিগ, প্রথম দিনেই ৪ ম্যাচ
১৩ দলকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ২০২৬-২৭ মৌসুম। প্রথম দিনেই দেশের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ।
এবার শীর্ষ লিগে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রাম সিটি, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে প্রথমবারের মতো শীর্ষ পর্যায়ে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম সিটি। সিটি ক্লাবও এবারই প্রথমবার বিএফএলে অংশ নিচ্ছে।
গত মৌসুমে অবনমনের মুখে পড়া আরামবাগ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবও এবার লিগে থাকছে। একই সময়ে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ওপর ফিফার আরোপ করা দলবদল নিষেধাজ্ঞার কারণে বাফুফে লিগে দল বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফিরতে সক্ষম হয়েছে দুই ক্লাব।
আজকের সূচিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম এফসির বিপক্ষে খেলবে ফর্টিস এফসি। গাজীপুরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির প্রতিপক্ষ পুলিশ এফসি।
চাঁদপুর জেলা স্টেডিয়ামেও আজ হবে লিগের ম্যাচ। সেখানে ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিএফএলের ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে চাঁদপুর জেলা স্টেডিয়ামের।
অন্যদিকে গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলবে সিটি ক্লাব। আর মানিকগঞ্জে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব আতিথ্য দেবে গতবারের রানার্সআপ আবাহনীকে। প্রথম দিনের সব ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।
তবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অভিযান শুরু হবে এক দিন পর। আগামীকাল গোপালগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামবে তারা।
এদিকে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত রয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এ সময় বাংলাদেশ জাতীয় দলের ফিফা ও আসিয়ান কাপের প্রস্তুতি ও প্রতিযোগিতা থাকায় জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই শুরু হচ্ছে এবারের লিগ।
প্রথম রাউন্ডে অবশ্য মাঠে নামতে হচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
Comments