দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও বিরতির পর আর নিজেদের ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) 'এফ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই গোল হজম করে তারা। বিরতির পর আরও চারবার বাংলাদেশের জালে বল পাঠায় দক্ষিণ কোরিয়া।
ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগ সামলে খেলতে থাকে বাংলাদেশ। তবে ১৬ মিনিটেই এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। কিম মিন-জির গোলে ম্যাচে লিড নেয় এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।
এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে দক্ষিণ কোরিয়া। ৩৩ মিনিটে কর্নার থেকে আসা বলে গোলের সম্ভাবনা তৈরি হলেও গোলরক্ষক রুপনা চাকমার দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। দুই মিনিট পর চু হাইজুর দূরপাল্লার শটও দারুণভাবে ঠেকিয়ে দেন রুপনা।
প্রথমার্ধের শেষ দিকে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে ওঠে দক্ষিণ কোরিয়া। ৪২ মিনিটে ইউন সুজংয়ের ক্রস থেকে জং দা-বিন গোল করে ব্যবধান ২-০ করেন। বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু এবার তাঁর হেড রুখে দেন রুপনা।
দ্বিতীয়ার্ধে বদলে যায় বাংলাদেশের খেলার ধরন। নিজেদের মধ্যে পাস বাড়িয়ে বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমারা। আক্রমণেও কিছুটা গতি বাড়ায় বাংলাদেশ।
৫৬ মিনিটে ভালো সুযোগ তৈরি করেন বদলি হিসেবে মাঠে নামা আনিকা সিদ্দিকী। ডান দিক দিয়ে এগিয়ে গেলেও বক্সের ভেতর থেকে শট নিতে পারেননি তিনি। দুই মিনিট পর আবারও দক্ষিণ কোরিয়ার আক্রমণ ঠেকিয়ে দেন রুপনা।
৫৮ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের থ্রু পাস পেয়ে গোলের সুযোগ পান আনিকা। তবে তাঁর নেওয়া শট দারুণভাবে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।
এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ৬৫ মিনিটে জি সুউনের পাস থেকে চোই ইউরি গোল করে ব্যবধান ৩-০ করেন।
৭৩ মিনিটে বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখেন রুপনা। ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ তৈরি করেছিল দক্ষিণ কোরিয়া, কিন্তু এবারও বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক।
তবে ৭৭ মিনিটে আর প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ। হিউন সুলগির উঁচু ক্রস থেকে জি সুউন গোল করে ব্যবধান ৪-০ করেন। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে চোই ইউরি ম্যাচের ব্যবধান নিয়ে যান ৫-০-তে।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বাংলাদেশের জালে ষষ্ঠবার বল পাঠান কো ইউ-জিন। শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
এদিকে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ। তবে দুই ম্যাচ হেরেও গ্রুপ থেকে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে।
Comments