মাঠের বাইরে বড় বিনিয়োগ, স্পেনের ক্লাব কিনছেন মেসি
ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড ও সাফল্যের পর এবার ক্লাব মালিকানায় নিজের পরিধি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিক হতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্লাবটির বর্তমান সংখ্যাগরিষ্ঠ মালিক 'থি সলুসিওনেস গ্রুপ এসএএস'-এর কাছ থেকে শেয়ার কেনার বিষয়ে মেসি নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে মালিকানা হস্তান্তরের আগে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) অনুমোদন প্রয়োজন হবে।
ক্লাব মালিকানায় মেসির পদার্পণ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের দল ইউই করনেল্লার পূর্ণ মালিকানা নিজের করে নেন তিনি। এছাড়া ইন্টার মিয়ামির হয়ে খেলার চুক্তি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতেও মেসির অংশীদারি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার মানুষের শহর এলদায় অবস্থিত সিডি এলদেনসে। শতবর্ষেরও বেশি পুরোনো এই ক্লাবটির ইতিহাসের বড় অংশ কেটেছে নিচের স্তরের ফুটবলে। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগের কারণে দলটি স্পেনের দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয়। গত চার মৌসুমের তিনটিতেই লা লিগা ২-এ খেলেছে তারা।
তবে চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে হতাশাজনক অবস্থায় রয়েছে এলদেনসে। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। এমন বাজে শুরুর পর গত রোববার কোচ ক্লদিও বাররাগানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এখন মেসির মালিকানায় এলদেনসের ভবিষ্যৎ কোন পথে এগোয়, সেটিই দেখার বিষয়।
Comments