মেসির অবসরে আর্জেন্টিনার অধিনায়ক কে, আলোচনায় যাদের নাম
লিওনেল মেসির অবসর আর্জেন্টিনা ফুটবলে একটি যুগের সমাপ্তি। দীর্ঘ দুই দশক ধরে জাতীয় দলের সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই মহাতারকা সরে দাঁড়ানোর পর এখন স্বাভাবিকভাবেই সামনে এসেছে নতুন নেতৃত্বের প্রশ্ন। মেসির জায়গা পূরণ করা কঠিন হলেও তার অনুপস্থিতিতে নতুন অধিনায়কের নেতৃত্বেই এগিয়ে যেতে হবে আলবিসেলেস্তেদের।
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্রিশ্চিয়ান 'কুটি' রোমেরোর নাম। এতদিন লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির পর অধিনায়কত্বের তালিকায় তৃতীয় অবস্থানে ছিলেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। এবার সতীর্থ ও কোচিং স্টাফদের সমর্থন পেয়ে নেতৃত্বের দায়িত্ব পাওয়ার দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে।
২৮ বছর বয়সী এই সেন্টারব্যাককে মেসি-পরবর্তী আর্জেন্টিনার নেতৃত্বের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে। মাঠে তার নেতৃত্ব দেওয়ার প্রবণতা, সতীর্থদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দৃঢ় ব্যক্তিত্ব তাকে এগিয়ে রাখছে। ক্লাব ফুটবলেও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার। ফলে দীর্ঘমেয়াদে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সামর্থ্যও তার রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে রোমেরোকে অধিনায়ক করা হলেও বিকল্প হিসেবে আরও কয়েকজনের নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিকবার নায়ক হওয়া মার্তিনেজ দলের সতীর্থ ও সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাঠের বাইরে নেতৃত্ব দেওয়ার সামর্থ্যও রয়েছে তার। তবে গোলরক্ষক হওয়ায় ম্যাচের সময় সতীর্থদের কাছ থেকে দূরে থাকা এবং রেফারির সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা অধিনায়ক হিসেবে তার ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি করতে পারে।
রদ্রিগো দে পলও নেতৃত্বের দৌড়ে শক্তিশালী প্রার্থী। মেসির দীর্ঘদিনের সতীর্থ হিসেবে জাতীয় দলের ড্রেসিংরুমে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। মাঠে সতীর্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সরব উপস্থিতিও তার অন্যতম বৈশিষ্ট্য। তবে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে এবং একাদশে নিয়মিত জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে অধিনায়কত্বের ক্ষেত্রে তার সম্ভাবনা কিছুটা পিছিয়ে থাকতে পারে।
চমক হিসেবে সামনে আসতে পারেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফের্নান্দেজ। লাউতারো নিজের ক্লাব ইন্টারের অধিনায়কত্ব করছেন। হুলিয়ানও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে জাতীয় দলে দুজনেরই নিয়মিত একাদশে থাকা নিয়ে পরিস্থিতি বদলাতে পারে। অন্যদিকে এনজো ফের্নান্দেজের বয়স মাত্র ২৫ বছর এবং চেলসির হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। দীর্ঘমেয়াদে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাই তাকে সম্ভাবনাময় মনে করা হচ্ছে।
সব দিক বিবেচনায় মেসির উত্তরসূরি হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোকেই আপাতত সবচেয়ে যৌক্তিক পছন্দ বলে মনে হচ্ছে। ২০২৬ বিশ্বকাপেও তার পারফরম্যান্স নজর কেড়েছে। জাতীয় দল ও ক্লাব দুই জায়গাতেই নিজের সেরা সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। তবে কার্ড পাওয়ার প্রবণতা তার নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে। তাই রোমেরোকে মূল অধিনায়ক করা হলে তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলানোর জন্য বিকল্প একজনকে নির্ধারণ করাও আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ হবে।
মেসি-পরবর্তী সময়ে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হবে নতুন অধিনায়কের অন্যতম বড় পরীক্ষা। একই সঙ্গে দলের অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের মধ্যে সমন্বয় তৈরি করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছরের পথচলার পর মেসির বিদায় আর্জেন্টিনার সামনে নতুন একটি অধ্যায়ের সূচনা করছে। তার শূন্যতা পূরণ করা সম্ভব না হলেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন আরও বেশি। সেই জায়গায় রোমেরোর অভিজ্ঞতা, দৃঢ়তা ও ড্রেসিংরুমে প্রভাব আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মেসির রেখে যাওয়া উত্তরাধিকার কতটা সফলভাবে এগিয়ে নিতে পারবেন রোমেরো, সেটিই এখন দেখার বিষয়। তবে নেতৃত্বের দৌড়ে তার অবস্থান যে সবচেয়ে শক্তিশালী, সেটি ইতোমধ্যেই স্পষ্ট।
Comments