যে কারণে ইয়ামালকে ছাপিয়ে সেরা উদীয়মান খেলোয়াড় হলেন কুবারসি
বার্সেলোনার যুব একাডেমি 'লা মাসিয়া' থেকে একসঙ্গে উঠে আসা ১৯ বছরের দুই তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। উভয়েই ছিলেন ২০২৬ বিশ্বকাপে উদীয়মান খেলোয়াড় হওয়ার দৌড়ে। তবে বার্সায় লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী হয়ে ওঠা ইয়ামালকে ছাপিয়ে গেলেন তার সতীর্থ। কুবারসি হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়।
এত অল্প বয়সে যে কোনো দলের রক্ষণভাগের কেন্দ্রবিন্দু হওয়াই যে তার জন্য বড় অর্জন। তবে কুবারসি ও তার সতীর্থরা শুধু সেটুকুতেই থেমে থাকেননি, বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের রক্ষণভাগ পুরো আসরেই ছিল নিঃসন্দেহে সবার সেরা। ২০২৬ বিশ্বকাপে আট ম্যাচে স্পেন মাত্র একটি গোল হজম করেছে। ওপেন প্লে থেকে প্রতিপক্ষের বিপক্ষে তারা অনুমতি দিয়েছে মাত্র ১.৬৯ এক্সপেক্টেড গোল, যা গ্রুপ পর্ব পেরোনো ৩২টি দলের মধ্যে সর্বনিম্ন।
স্পেন ফাইনাল পর্যন্ত পৌঁছে অন্য অনেক দলের তুলনায় দ্বিগুণ ম্যাচ খেলেও এই রেকর্ড ধরে রেখেছে। ফাইনালে আর্জেন্টিনাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয় স্পেন। যেখানে তাদের আধিপত্য ছিল একচ্ছত্র। যার বিপরীতে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল কার্যত অকার্যকর, যারা নির্ধারিত ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। এমনকি স্পেনের বক্সে তাদের স্পর্শ ছিল মাত্র একবার। অতিরিক্ত সময়সহ পুরো ম্যাচে লিওনেল স্কালোনির দল মাত্র দুটি শট নিতে পারে।
বিশ্বকাপ ফাইনালে কুবারসি ছিলেন সবচেয়ে বেশি বল স্পর্শকারী (১৩৯), সবচেয়ে বেশি সফল পাসদাতা (১২১), সর্বোচ্চ পাসিং নির্ভুলতা (৯৬ শতাংশ) এবং সবচেয়ে বেশি লাইন-ব্রেকিং পাস (২১) ছিল তার। এই সেন্টারব্যাক বল দখলে যেমন আধিপত্য দেখিয়েছেন, রক্ষণেও ছিলেন সমান কার্যকর। ফাইনালে তিনি সবচেয়ে বেশি ক্লিয়ারেন্স (৬) এবং স্পেনের খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ দ্বৈরথে (ডুয়েল) জয়ী হয়েছেন (৭)।
কুবারসি পুরো বিশ্বকাপেই ছিলেন স্পেনের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়। রদ্রি (৭৫৬) ছাড়া আর কেউ তার (৬৭১) চেয়ে বেশি সফল পাস দিতে পারেননি। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের ইতিহাসে দুটোই সর্বোচ্চ পাসের রেকর্ড। এ ছাড়া আক্রমণেও বলের যোগান দিয়েছেন কুবারসি। এই ডিফেন্ডার টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফরোয়ার্ড পাস (২২১) সম্পন্ন করেন। এ ছাড়া ওপেন প্লেতে ডিফেন্সিভ থার্ডের বাইরে থেকে অন্তত ২৫ শতাংশ গোলের দিকে এগিয়ে নেওয়া প্রগ্রেসিভ পাস সফলভাবে সম্পন্ন করা ডিফেন্ডারদের মধ্যে তিনিই ছিলেন সেরা (৩৩টি)।
প্রতিপক্ষের রক্ষণভাগ বা মিডফিল্ডের লাইন ভেঙে দেওয়া নিখুঁত পাস ছিল কুবারসির বড় শক্তি। রদ্রির পর দ্বিতীয় সর্বোচ্চ ১০৪টি লাইন-ব্রেকিং পাস দেন তিনি। সবমিলিয়ে পুরো পরিসংখ্যানই তাকে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারে এগিয়ে দেয়। অবশ্য ইয়ামালও দলের অসংখ্য সুযোগ তৈরি ও প্রতিপক্ষের আক্রমণ থামানোয় ভূমিকা রেখেছেন, তবে তাকে ছাপিয়ে গেছেন বন্ধু কুবারসি।
Comments