বৃষ্টি থামাল ম্যাচ,না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
বৃষ্টির কারণে মাঠে গড়াল না বাংলাদেশ ও চীনের মধ্যকার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম, আর চীন রয়েছে ৩৬ নম্বরে। নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উচ্চ র্যাঙ্কিংয়ের দল হিসেবে সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও জাপান। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাফল্যের ধারাবাহিকতা বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছে তারা। ২০১০ গুয়াংজু ও ২০১৪ ইনচন আসরে রুপা জেতার পর ২০২২ হাংঝু গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ।
এবারও সেই পদকের ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ রয়েছে জ্যোতিদের সামনে।
চীনের বিপক্ষে ম্যাচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ছিল বিশেষ একটি সুযোগ। ২০১০ এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনকে মাত্র ৩৪ রানে অলআউট করে সাত ওভারের মধ্যেই ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় আজকের ম্যাচটিই হতে পারত দুই দলের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি লড়াই। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে সেই অপেক্ষাও আরও দীর্ঘ হলো।
Comments