‘অস্ট্রেলিয়া পরের বছরই বাংলাদেশকে ডাকবে’, আশাবাদী তালহা
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার আশা, এই সাফল্যের পর আগামী বছরই বাংলাদেশকে আবার আমন্ত্রণ জানাবে অস্ট্রেলিয়া।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডারউইনে পাওয়া ঐতিহাসিক জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন তালহা।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিশ্বাস নিয়েই বাংলাদেশ দল সফরে গিয়েছিল। প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি এবং কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ায় দল আত্মবিশ্বাসী হয়ে ওঠে। যদিও প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না আসায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল।
তালহার মতে, প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ছিল সাময়িক। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করা সম্ভব—দলের মধ্যে শুরু থেকেই এমন বিশ্বাস ছিল। প্রথম টেস্টে দাপুটে জয় সেই বিশ্বাসেরই প্রমাণ।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের অভিজ্ঞতা বাংলাদেশের খেলোয়াড়দের নতুন আত্মবিশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তার মতে, বিদেশের মাটিতে শক্তিশালী একটি দলকে হারানোর পর এখন যেকোনো প্রতিপক্ষকে হারানোর বিশ্বাস তৈরি হয়েছে।
ড্রেসিংরুমে প্রথম টেস্ট জয়ের মুহূর্তের কথা বলতে গিয়ে তালহা জানান, সেদিনের আবেগ ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় যে কত বড় অর্জন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়াতেও সেটি স্পষ্ট হয়েছে।
বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, দল এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। দেশের বাইরে গিয়েও ভালো ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে—এই বিশ্বাস দলের সবাইয়ের মধ্যে তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ায় আবারও খেলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তালহা বলেন, তার বিশ্বাস আগামী বছরই বাংলাদেশকে পুনরায় আমন্ত্রণ জানাবে অস্ট্রেলিয়া। এবার ডারউইন বা ম্যাকাইয়ের মতো ভেন্যুর পরিবর্তে আরও বড় ও ভালো ক্রিকেট ভেন্যুতে খেলার সুযোগ মিলবে বলেও আশা করছেন তিনি।
Comments