বাগেরহাটে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু
বাগেরহাট শহরে জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বেওয়ারিশ ও সড়কে বের হওয়া গৃহপালিত কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ জানায়, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে গত তিন মাসে সাড়ে ৭ হাজার মানুষ জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। এই অবস্থায় বাগেরহাট শহরে কুকুরের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে ফেনীর 'ডগ এক্সপার্ট টিম'-এর সাথে চুক্তি করেছে বাগেরহাট পৌরসভা। এই ডগ এক্সপার্ট টিমের সদস্যরা পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকার থাকা বেওয়ারিশ কুকুরদের পাশাপাশি সড়কে বের হওয়া গৃহপালিত কুকুরদেরও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেবেন। এর মাধ্যমে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে আসবে। একই সাথে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই কার্যক্রম ভূমিকা রাখবে।
Comments