কৃষকদের জন্য জলবায়ু বীমায় গ্রীন ডেল্টা, ঢাকা ব্যাংক ও অংকুর এআইয়ের চুক্তি
বাংলাদেশের কৃষকদের জন্য বীমা সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে নতুন সহযোগিতার ঘোষণা দিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি এবং আইপেজ গ্লোবাল লিমিটেড (অংকুর এআই)।
এই অংশীদারত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ঢাকা ব্যাংক তাদের কৃষি অর্থায়ন ব্যবস্থার সঙ্গে কৃষি বীমাকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর ফলে কৃষিঋণ গ্রহণকারী কৃষকেরা একই সঙ্গে অর্থায়ন ও জলবায়ুজনিত ঝুঁকি থেকে সুরক্ষার সুযোগ পাবেন।
এই সহযোগিতায় একসঙ্গে কাজ করবে তিনটি গুরুত্বপূর্ণ খাত—অর্থায়ন, বীমা এবং প্রযুক্তি। ঢাকা ব্যাংকের কৃষি অর্থায়ন নেটওয়ার্ক, গ্রীন ডেল্টার বীমা দক্ষতা এবং অংকুর এআইয়ের প্রযুক্তি ও কৃষি তথ্যভিত্তিক সক্ষমতা মিলিয়ে কৃষকদের জন্য আরও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগের মূল ফোকাস থাকবে ওয়েদার ইনডেক্স-ভিত্তিক ফসল বীমা। এর মাধ্যমে প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির ঝুঁকিতে থাকা কৃষকেরা একটি বাস্তবসম্মত সুরক্ষা ব্যবস্থার আওতায় আসবেন এবং ক্রমবর্ধমান জলবায়ু অনিশ্চয়তার মধ্যেও তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতে, কৃষি খাতে অর্থায়ন ও ঝুঁকি সুরক্ষা একসঙ্গে নিশ্চিত করাই এই উদ্যোগের মূল দর্শন। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন কৃষকেরা, আর টেকসই কৃষি উন্নয়নের জন্য অর্থায়নের পাশাপাশি কার্যকর বীমা সুরক্ষাও সমানভাবে জরুরি।
এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের জন্য আরও অর্থবহ, সহজলভ্য এবং টেকসই সেবা নিশ্চিত করার প্রত্যাশা প্রকাশ করেছে গ্রীন ডেল্টা, ঢাকা ব্যাংক ও অংকুর এআই।
Comments