সিঙ্গাপুরে বসছে ৪৬তম আসিয়ান পর্যটন ফোরাম, অংশ নেবেন ১১ দেশের প্রতিনিধিরা
আগামী বছরের জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম আসিয়ান পর্যটন ফোরাম (এটিএফ)। 'ট্রান্সফর্মিং ট্যুরিজম, এমপাওয়ারিং টুমরো' বা 'পর্যটন রূপান্তর, আগামীর ক্ষমতায়ন' প্রতিপাদ্যে আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
ফোরামে আসিয়ানভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রী, জাতীয় পর্যটন সংস্থার প্রতিনিধি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী, আন্তর্জাতিক ক্রেতা এবং বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।
আসিয়ানের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে মিল রেখে এবারের আয়োজন বিশেষ গুরুত্ব পাচ্ছে। আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সংহতি ও সাংস্কৃতিক ঐক্যের ছয় দশক উদযাপনের পাশাপাশি আসিয়ানকে একটি সমন্বিত, টেকসই ও সক্ষম পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাবে এবারের ফোরামে।
আয়োজকদের তথ্যমতে, ফোরামে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক ও কৌশলগত অধিবেশনে বৈশ্বিক পর্যটন খাতের পরিবর্তন, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং সদস্য দেশগুলোর মধ্যে আন্তসীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এসব কার্যক্রমে সহযোগিতা দেবে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড।
ফোরামের অন্যতম আকর্ষণ দুই দিনব্যাপী ট্রাভেল এক্সচেঞ্জ (ট্রাভেক্স)। আগামী ২০ ও ২১ জানুয়ারি মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারের হল সিতে এটি অনুষ্ঠিত হবে। টিটিজি ইভেন্টসের আয়োজনে এবং সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে পর্যটন খাতের ব্যবসায়ীদের জন্য নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক যোগাযোগের সুযোগ থাকবে।
ট্রাভেক্সে প্রদর্শক ও ক্রেতারা ৩২টি ওয়ান-টু-ওয়ান ব্যবসায়িক বৈঠকে অংশ নিতে পারবেন। সিঙ্গাপুরে পৌঁছানোর আগেই এসব বৈঠকের সময় নির্ধারণ করা যাবে। পাশাপাশি আসিয়ানের ১১টি জাতীয় পর্যটন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন গন্তব্য ও পর্যটন সম্ভাবনা নিয়ে বিশেষ ব্রিফিং দেওয়া হবে।
সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ 'থাইল্যান্ড নাইট' আয়োজন করবে। নিবন্ধনের ভিত্তিতে আগে এলে আগে সুযোগ পাওয়ার নীতিতে এতে অংশ নেওয়া যাবে। তবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে।
বিদেশি প্রতিনিধিদের জন্য বিশেষ সুবিধাও থাকছে। চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ, গ্র্যাব, লাগারদের রিটেইল এবং মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের মতো সহযোগী প্রতিষ্ঠান বিভিন্ন পর্যটন আকর্ষণে বিশেষ ছাড়, উপহার ও শপিং ভাউচার দেবে।
মূল আয়োজন শেষে নির্বাচিত গণমাধ্যমকর্মী ও পর্যটন খাতের ক্রেতাদের জন্য তিন দিন ও দুই রাতের একটি বিশেষ পোস্ট-ট্যুর আয়োজন করবে ট্যুরিজম মালয়েশিয়া। এতে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলের পর্যটন আকর্ষণ ঘুরে দেখার সুযোগ থাকবে।
উল্লেখ্য, আসিয়ান পর্যটন ফোরাম দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে একটি অভিন্ন পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার আঞ্চলিক উদ্যোগ। ১৯৮১ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা এ ফোরামের আয়োজন প্রতিবছর সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। ২০২৭ সালে ৪৬তম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে সিঙ্গাপুর।
আসিয়ানের ১১টি সদস্য দেশ হলো—ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনাম।
Comments